ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২জন। দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক এবং প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হতাহতদের পরিচয় এখনও জানা যায় নি।
