পারিবারিক কলহের জের

যুক্তরাষ্ট্রে ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক কলহের জেরে পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন বন্দুকধারী।

পুলিশ জানায়, সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে প্রথম একটি বাড়ি থেকে পুলিশের কাছে গুলিবর্ষণের ফোন আসে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যান। পরে তদন্তের সূত্র ধরে পুলিশ আরও দুই স্থান থেকে আরও দুজন পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। যাদের মধ্যে একজন অন্য একটি বাড়িতে এবং দ্বিতীয়জন কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় পড়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে। ঘটনার পরপরই পুলিশ মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথ (রিভারফ্রন্ট ট্রেইল) দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে একটি পথচারী সেতুর কাছে ঘিরে ফেলে। সে সময় পুলিশের মুখোমুখি হয়ে রায়ান নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে আত্মহত্যা করেন।

মাসকাটিন শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস বলেন, আজকের এই নৃশংসতা এবং আমাদের শান্ত সম্প্রদায়ের ওপর যে আঘাত, তা প্রকাশ করার মতো কোনো ভাষা আসলে আমার কাছে নেই।

পুলিশ জানায়, হামলাকারী রায়ানের আগের অপরাধের রেকর্ড ছিল। তবে বর্তমানে সাধারণ জনগণের জন্য আর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। নিহতদের নাম ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত