রাজবাড়ীতে ট্রেনের ছাদে ভ্রমণ, যুবক নিহত

আপডেট : ০২ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

রাজবাড়ীর কালুখালীতে রেলওয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের একটি রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ট্রেন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত