নরসিংদীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

নরসিংদীর একটি পুকুর পাড় থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক  ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। তিনি ইজিবাইক চালাতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার  বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সাথে সবশেষ কথা হলে ফাহিম জানান, কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশিদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন। সারা রাত খোঁজেও সন্ধান মেলে নি ফাহিমের। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা ৪টি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নরসিংদী মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানায়, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে  পুকুর পাড় থেকে মরদেহটি  উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে ছিল মাটিতে।  ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত