মানহানির মামলায় ৩ লাখ ডলার জিতলেন গেইল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:১১ পিএম

ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিপক্ষে মানহানির মামলা জেতার পর ক্ষতিপূরণও পাচ্ছেন তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার পাবেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।

গেইলের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৫ বিশ্বকাপ চলাকালে সিডনিতে একদিন অনুশীলনের সময় ড্রেসিং রুমে লিয়ানে রাসেল নামের একজন ম্যাসাজ থেরাপিস্টের সামনে তোয়ালে খুলে ফেলেছিলেন। লিয়ানেকে নাকি বাজে প্রস্তাবও দিয়েছিলেন গেইল।  

এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডভিত্তিক মিডিয়া গ্রুপ ফেয়ারফ্যাক্স মিডিয়া। তাদের মারফত ২০১৬ সালের জানুয়ারিতে এই সংবাদ প্রকাশ করে দ্য সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ ও ক্যানবেরা টাইমস।

সেই প্রতিবেদনকে পুরোপুরি মিথ্যা দাবি করে নিউসাউথ ওয়েলসের আদালতে মানহানির মামলা করেছিলেন গেইল। তাতে গত বছরের অক্টোবরে নির্দোষ প্রমাণিত হন তিনি।

অপেক্ষা ছিল ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণের। সব কিছু যাচাই বাছাই করে সোমবার সেটারও রায় দিল আদালত। রায়ে বিচারক লুসি ম্যাককালাম ক্ষতিপূরণ হিসেবে গেইলকে তিন লাখ অস্ট্রেলীয় ডলার দিতে ফেয়ারফ্যাক্স মিডিয়াকে নির্দেশ দেন।

রায়ে বলা হয়, গেইলের বিরুদ্ধে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেসবের কোনো সত্যতা নেই। এমন অভিযোগ একজন পেশাদার ব্যাটসম্যানকে ব্যথিত করেছে, যা খুব হতাশার।

ফেয়ারফ্যাক্স মিডিয়া অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করবে জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত