স্মৃতি হিসেবে রাখলেন গামছা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৫ পিএম

প্রত্যাশা মতোই সাড়া পেয়েছে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমার গান ‘ইশকবাজি’। ইতোমধ্যে ইউটিউবে দেখা হয়েছে কয়েক কোটিবার, পরিণত হয়েছে চলতি বছরের অন্যতম জনপ্রিয় হিন্দি গানে।

নতুন খবর হলো, গানটিতে ব্যবহৃত গামছা বন্ধুত্বের স্মৃতি হিসেবে নিজেদের কাছে রেখে দিয়েছেন শাহরুখ খান ও সালমান খান।

গামছা দিয়ে সালমানের নৃত্যের বিশেষ মুদ্রার সঙ্গে বলিউডের নিয়মিত দর্শকরা পরিচিতি। ‘ইশকবাজি’তে তা-ই করে দেখালেন বাউয়া সিং চরিত্রে কিং খান। অবশ্য এর আগে টেলিভিশনের একটি শো’তে সালমানের সঙ্গে ওই মুদ্রায় নাচেন শাহরুখ। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খানও।

‘ইশকবাজি’র মাধ্যমে বড়পর্দার জন্য এগারো বছর পর এক সঙ্গে পা মেলালেন শাহরুখ খান ও সালমান খান। এর আগে দুই নায়ককে দেখা যায় শাহরুখ প্রযোজিত ‘ওম শান্তি ওম’ সিনেমার টাইটেল গানে। ‘জিরো’র প্রযোজকও এই তারকা।

ইরশাদ কামিলের কথায় ‘ইশকবাজি’র সুর-সংগীত করেন অজয়-অতুল। কণ্ঠ দেন সুখন্দার সিং ও দিব্য কুমার।

‘জিরো’তে বামন বাউয়া চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। আনুশকা শর্মা আছেন শারীরিক প্রতিবন্ধী বিজ্ঞানী চরিত্রে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ সেজেছেন বলিউডের সুপারস্টার। সঙ্গে আছেন অভয় দেওল।

সর্বশেষ কয়েক বছরে শাহরুখের সিনেমা বক্স অফিসে ভালো কিছু অর্জন করতে পারেনি। তাই ‘জিরো’ নিয়েও অনেকের মাঝে ছিল সংশয়। কিন্তু কিছুদিন আগে প্রকাশ হওয়া ট্রেইলার দেখে মত পাল্টাতে বাধ্য হন কেউ কেউ। ‘জিরো’ পরিণত হয় অতিপ্রতীক্ষিত সিনেমায়। এর পর ‘ইশকবাজি’র মুক্তিতে দর্শকদের উত্তেজনা বেড়েছে।

‘জিরো’তে অতিথি চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শ্রীদেবী, কাজল, রানী মুখার্জি, আলিয়া ভাট, কারিশমা কাপুর, জুহি চাওলা ও দীপিকা পাড়ুকোনসহ অনেকে। আর সব চমক নিয়ে ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত