স্বপ্ন যখন বলিউড!

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩২ পিএম

রোশান। এই নামেই তিনি পরিচিত। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‌'রক্ত' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি দুনিয়ায় অভিষেক ঘটে তার। ছবিতে তার নায়িকা ছিলেন পরী মনি। সেবার ঈদে মুক্তি পাওয়া এই ছবিটি ব্যবসাও করে বেশ ভালো। জাজের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখা এই নায়ক অভিনয় করেন ওপার বাংলার 'ককপিট' ছবিতেও। চরিত্র ছোট হলেই বা কী হবে, সুপারস্টার দেবের সঙ্গে অভিনয়! অভিজ্ঞতার ঝুড়িতে যুক্ত হয়েছে অনেক কিছুই। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করতে গিয়েই রোশান জানতে পারেন নিজের সবচেয়ে বড় সম্পদের কথা। আর সে সম্পদটি হচ্ছে তার কণ্ঠ। শুটিং শেষে রোশান যখন কমলেশ্বরের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের সম্পর্কে জানতে চান তখনই কমলেশ্বর রোশানের এই সম্পদের কথা বলেন। রোশানকে কমলেশ্বর বলেন, ‌তুমি তোমার কণ্ঠের যত্ন নিয়ো। এই কণ্ঠটাই তোমার বড় সম্পদ। শুধু তাই নয়, কমলেশ্বর রোশানকে বলিউডে অভিনয় করার ব্যাপারেও অনুপ্রাণিত করেন।

রোশান বলেন, 'কমলেশ্বর স্যার আমাকে বলেছেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে। কারণ বলিউডে এখন অামার মতো ছেলেদেরই নাকি জয় জয়কার। বরুন ধাওয়ান, অর্জুন-তারা নাকি আমার মতোই। আমিও নিজেকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছি। বাকিটা নির্ভর করছে ভাগ্যের ওপর।'

এর আগেও রোশান নিজের কণ্ঠের প্রশংসা শুনেছেন। বাংলাদেশের নায়ক অমিত হাসান রক্ত ছবির শুটিংয়ের সময় প্রথম এ বিষয়ে তাকে সচেতন করেন। অমিত বলেছিলেন রোশানের কণ্ঠ অমিতাভ বচ্চনের মতো। আর এ নিয়ে সবচেয়ে বড় প্রশংসাটুকু আসে পশ্চিম বঙ্গের সুপারস্টার প্রসেনজিতের কাছ থেকে। তিনি প্রসেনজিতের কণ্ঠ শুনে পরিচালক রাজচন্দকে বলেছিলেন বাংলাদেশের এই ছেলেটার কণ্ঠ অমিতাভ বচ্চনের মতো। প্রসেনজিতের সেই প্রশংসার বদৌলতেই রোশান পেয়ে যান ‌রাজ চন্দ পরিচালিত 'বেপরোয়া' ছবির কাজ। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ববি হক। মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি রোশানের ভাগ্য বদলে দিতে পারে বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্ট অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত