সানে নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩০ এএম

প্রথমে পিছিয়ে পড়লেও লেরয় সানের দুর্দান্ত নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হফেনহাইমকে হারানোর পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জার্মানির ক্লাবটিকে ২-১ গোলে হারায় পেপ গুয়ার্দিওলার দল। সেই সঙ্গে জয়ে ফিরল তারা। আগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল দলটি।

হফেনহাইমের বিপক্ষে জোড়া গোল করে সিটির জয়ে বড় অবদান রাখেন সানে। প্রথম লেগেও প্রতিপক্ষটির মাঠে একই ব্যবধানের জয় পেয়েছিল ইপিএল চ্যাম্পিয়নরা।

আগেই শেষ ষোলো নিশ্চিত করা সিটির গ্রুপ চ্যাম্পিয়ন হতে দরকার ছিল এক পয়েন্ট। সেই জায়গায় তিন পয়েন্ট পেল দলটি। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। কিন্তু কাজে লাগাতে পারছিল না গোলের সুযোগ।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে ঝটিকা এক আক্রমণে গোল পেতে পারত হফেনহাইম। ডি-বক্সের ঠিক উপর থেকে আন্দ্রে ক্রেমারিচের নেওয়া শটটি কোনোমতে ঠেকিয়ে দেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোরায়েস।

দুই মিনিট পরই ক্রোয়েশিয়ান এই ফরোয়ার্ডের স্পটকিক থেকে এগিয়ে যায় অতিথি দল। ডি-বক্সের মাঝে সিটির ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্ত হফেনহাইমের বেঞ্জামিন হুবেরকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

প্রথমার্ধের খেলার যোগ করা সময়ে সমতা ফেরান সানে। ডি-বক্সের অনেক বাইর থেকে দারুণ এক ফ্রি-কিকে জালে বল জড়ান এই উইঙ্গার। ৬১তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন সানে। রাহিম স্টার্লিংয়ের দ্রুত গতির পাস ডি-বক্সে পেয়ে ফাঁকি দেন গোলরক্ষককে।

এই জয়ে ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে সিটির পয়েন্ট সর্বোচ্চ ১৩।

গ্রুপের অপর ম্যাচে শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্বে উঠেছে অলিম্পিক লিওঁ। ছয় ম্যাচে এক জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৮।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত