অড্রে হেপবার্নের জীবনী নিয়ে সিরিজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০১ পিএম

হলিউড আইকন অড্রে হেপবার্নের জীবন অবলম্বনে টিভি সিরিজ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা যায়, এ সিরিজের পেছনে রয়েছে ‘দ্য ইয়ং পোপ’ ও ‘মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড’-খ্যাত ইতালীয় প্রতিষ্ঠান ওয়াইল্ডসাইড। সিরিজটির দৃশ্যায়ন শুরু হবে ২০২০ সালে।

অস্কারজয়ী এ অভিনেত্রী বিশ শতকের হলিউডে সবচেয়ে বেশি প্রশংসিত মুখ। তিনি আলো ছড়িয়েছেন সাবরিনা, রোমান হলিডে, ব্রেকফাস্ট অ্যাট টিফানি ও মাই ফেয়ার লেডির মতো চলচ্চিত্রে। কিন্তু তার জীবনী নিয়ে আন্তর্জাতিক বাজারের জন্য ছোট বা বড়পর্দায় উল্লেখ করার মতো কাজ হয়নি।

ইংরেজি ভাষার সিরিজটির নাম এখনও ঠিক হয়নি। চিত্রনাট্যের সঙ্গে জড়িত আছেন হেপবার্নের ছেলে লুকা দটি ও ইতালীয় সাংবাদিক-লেখক লুইগি স্পিনোলা।

২০১৫ সালে লুকা ও লুইগি মিলে লিখেছিলেন বেস্টসেলার বই ‘অড্রে অ্যাট হোম’। ওই বইয়ে অড্রে হেপবার্নের জীবনের নানা ঘটনার পাশাপাশি উল্লেখ ছিল তার রেসিপি ও অপ্রকাশিত পারিবারিক ছবি। তবে সিরিজের জন্য তারা আরও গভীরভাবে গবেষণা করছেন যাতে নায়িকার জীবনীর পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে।

১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ সিনেমার মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছান অড্রে হেপর্বান। জয় করে নেন একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও বাফটা অ্যাওয়ার্ড। অভিনেত্রী হিসেবে একই সিনেমার জন্য প্রথম সারির তিন পুরস্কার পাওয়া সেইবার প্রথম। এছাড়া একই বছর ‘অনডাইন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর টনি অ্যাওয়ার্ড অর্জন করেন।

অড্রে হেপবার্ন ১৯২৯ সালের ৪ মে বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেন, ১৯৯৩ সালের ২০ জানুয়ারি মারা যান সুইজারল্যান্ডের ভডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত