হাবিবুলকে ছাড়িয়ে মাশরাফির রেকর্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮ পিএম

ওয়ানডেতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ায় হাবিবুল বাশারকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মুর্তজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিলেট স্টেডিয়ামে টসে এসে কীর্তিটি গড়েন মাশরাফি। এই নিয়ে সর্বোচ্চ ৭০টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন নড়াইল এক্সপ্রেস। রেকর্ড গড়ার দিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেন তিনি।

২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছিলেন হাবিবুল। মিরপুরে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিয়ে ওই রেকর্ডে ভাগ বসান মাশরাফি। সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে টসে এসে রেকর্ডটি নিজের করে নিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

মাশরাফির নেতৃত্বে আগের ৬৯ ম্যাচের ৩৯টিতে জয় পায় বাংলাদেশ, হারে ২৮ ম্যাচে। পরিত্যাক্ত দুই ম্যাচ। মাশরাফির অধিনায়কত্বে ওয়নডেতে বাংলাদেশের সাফল্যের হারও সবচেয়ে বেশি, ৫৮ দশমিক ২০ শতাংশ। 

এই তালিকায় পরের স্থানে আছেন ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নেতৃত্বে বাংলাদেশের সাফল্যের হার দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ দশমিক ৯৩ শতাংশ (২৩ জয় ও ২৬ হার)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত