হাইকোর্ট আটকে দিল দুই বিএনপি প্রার্থীকে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও দলের নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন স্থগিত করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছে। তাহসিনা রুশদীরের আইনজীবীকে উদ্ধৃত করে সিলেট জেলা বিএনপি নেতা ময়নুল হক জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগ এনে একই আসনে মহাজোটের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া রিট করেন। গতকাল শুনানি শেষে আদালত লুনার প্রার্থিতা স্থগিত করেছে।

রিট আবেদনে ইয়াহইয়া বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে তাহসিনা রুশদীর লুনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অবসরের পর তিন বছর অতিবাহিত হতে হবে। তিনি এর আগেই নির্বাচনে প্রার্থী হয়েছেন।

এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা দেশ রূপান্তরকে বলেন, ‘আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি তারই একটি অংশ। আমি এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করব।’

এদিকে নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র স্থগিত করেছেন হাইকোর্ট।

ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের করা রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, বদরুদ্দোজা বাদল।

আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘রশিদুজ্জামান মিল্লাত দ-িত ব্যক্তি। এ কারণে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান। কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন আবুল কালাম আজাদ।’

তিনি আরো বলেন, ‘রিটের শুনানি নিয়ে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। ফলে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারছেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত