ড. কামালের গাড়িবহরে হামলায় তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ পিএম

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার তিনি বলেন, হামলার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ‘বিজয়ের পতাকা’ শীর্ষক পতাকা মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি কোনোভাবে কাম্য নয়। এই আচরণ তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ষড়যন্ত্রের অংশ।’

বিএনপির কাউকে নতুন মামলায় গ্রেফতার করা হচ্ছে না দাবি করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে আসামিদের গ্রেফতার করছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করেই ব্যবস্থা নিচ্ছে।’

এর আগে মানিক মিয়া এভিনিউ থেকে পতাকা মিছিল শুরু হয়। এটি জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা ঘুরে কৃষিবিদ ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত