বদলি নামা জেরদান শাচিরির জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল। উদ্ধার করেছে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
অ্যানফিল্ডে রোববার রাতের ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় লিভারপুল। প্রথমার্ধে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন সুইজারল্যান্ড উইঙ্গার শাচিরি।
ইউনাইটেডের বিপক্ষে নিজেদের মাঠে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে লিভারপুল। গোলের উদ্দেশে রেড ডেভিলদের নেওয়া ছয়টি শটের বিপরীতি অলরেডরা নিয়েছে ৩৬টি শট। এর মধ্যে ১১টি শট লক্ষ্যে ছিল তাদের।
তৃতীয় মিনিটেই গোলের দেখা পেতে পারত লিভারপুল। মোহামেদ সালাহর পাস পেয়ে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো। এক মিনিট পরই গোল খেয়ে বসেছিল লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যাশলে ইয়াং জালে বল পাঠালেও রোমেলু লুকাকু অফসাইড পজিশনে থাকায় বাদ যায় গোলটি।
লিভারপুল গোলের দেখা পায় ২৪তম মিনিটে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিনিয়োর উঁচু করে নেওয়া পাস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের ভলিতে জালে পাঠান সেনেগালিস উইঙ্গার মানে।
ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের জোরালো শটে খেলায় সমতা ফেরান ইউনাইটেডের আক্রমণভাগের খেরোয়াড় জেসে লিনগার্ড।
ম্যাচের ৭০তম মিনিটে মিডফিল্ডার কেইতার বদলি হিসেবে শাচিরিকে নামান লিভারপুর কোচ ইয়ুর্গেন ক্লপ। বাড়ে দলটির আক্রমণের মাত্রা। তিন মিনিটের মধ্যেই দলকে গোল এনে দেন শাচিরি।
৮০তম নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন শাচিরি। সালাহর উদ্দেশে ছোট পাস দেন ফিরমিনো। সালাহ ধরতে না পারায় চলে যায় শাচিরির কাছে। তার জোরালো শট ইউনাইটেড ডিফেন্ডার এরিক বেইলির পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।
এই জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ১৭ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৪৫।
এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। তৃতীয়স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯। চতুর্থস্থানে চেলসি আছে ৩৭ পয়েন্ট নিয়ে।
