বলিউডের তিন নায়ককে প্রভাসের চ্যালেঞ্জ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ পিএম

‘বাহুবলি’ সিরিজের পর বড়পর্দায় আর দেখা যায়নি প্রভাসকে। ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে তার নতুন ছবি ‘সাহো’। সেই সিনেমা টক্কর দিতে যাচ্ছে বলিউডের তিন নায়ককে।

কইমই ডটকমের এক প্রতিবেদনে জানা যায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একই দিন মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘মিশন মঙ্গল’, জন আব্রাহামের ‘বাটলা হাউস’ ও রাজকুমার রাওয়ের ‘মেড ইন চায়না’।

এমন খবরে হিসাব-নিকাশ করছেন ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষকরা। সাধারণত জাতীয় ছুটির দিনগুলোতে দুটি ছবিই মুক্তি পেয়ে থাকে। সে দিক থেকে তার এগিয়ে রাখছেন ‘সাহো’ ও ‘মিশন মঙ্গল’কে। তারা ভাবছেন, প্রভাস দক্ষিণ ভারতে রাজত্ব করলেও অক্ষয়ের হাতে থাকছে উত্তরের টিকিট।

জন আব্রাহামের ‘বাটলা হাউস’ দেশপ্রেমের গল্পের উপর নির্মিত হয়েছে। যে কারণে বলা হচ্ছে, স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার যোগ্য ছবি।

‘সাহো’ পরিচালনা করেছেন সুজিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটির বাজেটের বেশির ভাগ ব্যয় হয়েছে অ্যাকশন দৃশ্যের পেছনে। এতে নতুন কিছু দেখানো চেষ্ঠা করেছেন, দর্শকদের জন্য অনেক চমক রয়েছে।

সিনেমাটির বড় অংশের দৃশ্যায়ন হয়েছে আবু ধাবি। লোকেশন তালিকায় রয়েছে ইউরোপের কয়েকটি দেশ। তেলুগু, তামিল ও হিন্দি ভাষার ‘সাহো’তে প্রভাসের নায়িকা শ্রদ্ধা কাপুর। আরও অভিনয় করেছেন অর্জুন বিজয়, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, মহেশ মাঞ্জরেকার, চাঙ্কি পান্ডে ও মন্দিরা বেদি। সিনেমাটি তৈরি হয়েছে ১৫০ কোটি রুপিতে।

এদিকে ‘মিশন মঙ্গল’ পরিচালনা করছেন জগন শক্তি। সত্য কাহিনী নির্ভর ‘বাটলা হাউস’-এর পরিচালনায় আছেন নিখিল আদভানি। গুজরাটের এক ব্যবসায়ীকে নিয়ে নির্মিত ‘মেড ইন চায়না’র হাল ধরেছেন মিখিল মুসাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত