ফল প্রকাশে সতর্কতার নির্দেশনা ইসির

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে জেলা ও উপজেলা নির্বাচন দপ্তরের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটরদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি বলেন, ‘কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার। অর্থাৎ ফলাফল ঘোষণাটাই হলো ভোটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের এ দায়িত্বটি তাই ভালোভাবে পালন করতে হবে।’

এজন্য হালনাগাদকৃত সফটওয়ার সম্পর্কে সকলকে ভালো ধারণা রাখার তাগিদ দেন এ নির্বাচন কমিশনার।

রফিকুল ইসলাম বলেন, কমিশনকে বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনায় নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেওয়া নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি করতে পারে। এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সবমিলিয়ে ভোটের ফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। গতকাল নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ‘ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইমিএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএম) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়ার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ৮ ব্যাচে ২০০ জন অংশ নেন। এর আগে আরো ৬৭৫ জনের প্রশিক্ষণ শেষ করে ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত