বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে এক ব্যতিক্রমী প্রচার চালিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস।
কাগজের নৌকা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী অবস্থানের আহ্বান জানান তিনি।
‘নিজের খাই নিজের পরি, নৌকা মার্কার ভোট করি’, ‘ভোট বেচবেন, বেচেন না..... শুধু মনে রাখবেন- এর সাথে এলাকার জনগণ আর আপনার সন্তানের ভবিষ্যতও বিক্রি করছেন’ এবং ‘বড়লোক হাতুড়ে ডাক্তারের চাইতে গরীব এমবিবিএস ভালো, দুর্নীতিবাজ-অশিক্ষিতের চাইতে সৎ, মেধাবী নেতৃত্ব ভালো।’ ইত্যাদি লেখা লিফলেট জনমানুষের মাঝে কৌতূহলের জন্ম দিয়েছে বলে জানান এই যুবলীগ কর্মী।
জায়েসী আশরাফী বলেন, মেধাবী, শিক্ষিত, যোগ্য নেতৃত্বের জন্য নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানিয়ে এসব লিফলেটের সাথে তাদের একটি করে কাগজের নৌকা উপহার দিয়েছি।
কচুয়া বাজারের রুহুল কফি হাউজের মালিক রুহুল আমিন, জুয়েলারি ব্যবসায়ী জগদীশ মণ্ডল এবং পুরাতন কাপড় ব্যবসায়ী ফকির মাহবুবুজ্জামান এই প্রতিবেদককে বলেন, বুধবার বিকালে এক যুবকের নেতৃত্বে কয়েকজন তরুণ দোকানে দোকানে হাজির হয়ে কাগজের তৈরি নৌকা ও বিভিন্ন স্লোগান সংবলিত লিফলেট বিতরণ করেন। তার তৈরি করা লিফলেটে যোগ্য নেতৃত্বের প্রতি সমর্থনসহ নানা স্লোগান লেখা ছিল। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
জেমস এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট-২ আসনে যে আটজন প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের সদস্য তরুণ শেখ সারহান নাসের তন্ময় ভালো মানুষ।’
তিনি বলেন, ‘রাজনীতির মাঠে না থেকেও অল্প কয়েকদিনের মধ্যে শেখ পরিবারের সদস্য দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে আপন করে নিয়েছেন। তিনি এই আসনের সাংসদ নির্বাচিত হলে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন।’
