বাঁশখালীতে জাপা প্রার্থীর সমাবেশে গুলি, আহত ১৫

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর নির্বাচনী মিছিল ও সমাবেশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চাম্বল ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেলের ওই হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা গুরুতর। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন মাহমুদুল ইসলাম।

গুরুতর আহতদের মধ্যে কফিলউদ্দিন (৪২), আজিজ আহমেদ (৬১), সিরাজ মিয়া (৫৫) ও আবদুর রহিমকে (৫৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. হাসান (২৬), মো. রাসেল (২২), মোহাম্মদ (২৬), রমিজ (৩৫) ও দিদারকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমাদের বাঁশখালী প্রতিনিধি জানান, এদিন বিকেল ৪টায় চাম্বল বাজার মাঠে মাহমুদুলের নির্বাচনী সমাবেশ ছিল। তিনি মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ করে গুলি ছোড়ে কয়েক দুর্বৃত্ত। এ সময় বেশ কয়েকজন আহত হন। এরপরও মাহমুদুল মিছিল নিয়ে সমাবেশে আসেন। তিনি মঞ্চে বক্তব্য দেওয়ার আগে গুলির শব্দ শোনা যায়। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। মাহমুদুলের বক্তব্য শেষ হলে একের পর এক গুলি চলতে থাকে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। মাহমুদুল ইসলামকে রক্ষা করতে কর্মী-সমর্থকরা তাকে ঘিরে মানবঢাল রচনা করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার ঘটনার পর মাহমুদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আমি মহাজোটের প্রার্থী নই। কিন্তু বাঁশখালীর সন্তান হিসেবে এলাকাবাসীর উন্নয়নে কাজ আগেও করেছি, আগামীতেও করার ইচ্ছা আছে বলেই নির্বাচনে অংশ নিয়েছি। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে আওয়ামী লীগ আজ (শুক্রবার) এ হামলা চালিয়েছে। কিন্তু আমরা ভীত নই। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, নির্বাচনের দিন কেউ যদি ভোট ডাকাতি করতে চান জনগণ তাদের প্রতিহত করবে।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত