চুয়াডাঙ্গায় ৩০ কেজি স্বর্ণসহ যুবক আটক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ কেজি স্বর্ণসহ আনোয়ারুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর মদনা গ্রাম থেকে স্বর্ণের এ চালান জব্ধ করা হয়। এ স্বর্ণ ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। আটক আনোয়ারুল জীবননগর উপজেলার মৃগীমারী গ্রামের মুনসুর আলীর ছেলে। বিজিবি জানায়, চুয়াডাঙ্গা থেকে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন খবর আসে। এ তথ্যের ভিত্তিতে গতকাল ভোর থেকেই বিজিবির একটি দল সীমান্তে অবস্থান নেয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, মোটরসাইকেলে দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় আনোয়ারুলকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের আসনের ভেতর তল্লাশি চালিয়ে ২৬০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৩০ কেজি। জব্দ স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১৪ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত