প্রচারে সমান সুযোগ, হামলা-মামলা থেকে রক্ষায় নির্বাচন কমিশনের (ইসি) কার্যকর পদক্ষেপ চেয়েছেন নরসিংদীর ৫টি আসনের বিএনপিদলীয় প্রার্থীরা। গতকাল শুক্রবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইসির বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনও সন্ত্রাসের অংশ। সারা দেশে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের প্রচারে হামলার ব্যাপারে ইসিতে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচন কমিশন বড় বড় অক্ষরে আচরণবিধি প্রণয়ন করেছে। কিন্তু আওয়ামী লীগ প্রার্থীদের বিধি লঙ্ঘনের হিড়িক চললেও কোনো ব্যবস্থা নেয়নি।
সংবাদ সম্মেলনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি প্রার্থী কারাবন্দি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা, নরসিংদী-৩ (শিবপুর) এর প্রার্থী মঞ্জুর এলাহী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) এর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও দলের জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার বক্তব্য রাখেন। এদিকে সংবাদ সম্মেলন শেষে মিলনায়তন থেকে বের হওয়ার পর বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
