এ মাসের প্রথম দিনেই না ফেরার দেশে চলে যান কিংবদন্তি চিত্রকর আনোয়ার হোসেন। মূল পরিচিতি আলোকচিত্রী হলেও চলচ্চিত্র সিনেমাটোগ্রাফার হিসেবেও তার খ্যাতি কম নয়। সূর্যদীঘল বাড়ী (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫), লালসালু (২০০১) এমন অনেক নন্দিত চলচ্চিত্র তার ক্যামেরার ফ্রেমে ধারণ হয়েছে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেলুলয়েডের বর্ণাঢ্য এক ক্যারিয়ার পেরিয়ে জীবনের শেষ ছবিটি না দেখেই চলে গেলেন ওপারে। অকালমৃত্যুর কিছুদিন আগে শেষ করে গেছেন ‘ভালোবাসা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফির কাজ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শুভ্রা গোস্বামী। শহীদুল জহিরের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন শাওন কৈরী। ১৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দীপক সুমন, মৌসুমী হামিদ ও শিশুশিল্পী স্লোগান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। গতকাল ছবিটির প্রিমিয়ার শো হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
×
