সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। বর্তমান বাজারদরে এ হার প্রায় আড়াই শতাংশ। আজ রোববার থেকে এ দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত আগস্টে একই হারে দাম কমেছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশে তা বেড়েছে বলে জানিয়েছেন জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে সোনা ও রুপার দাম ওঠানামা করে। এজন্য আগামীকাল রোববার থেকে বাড়তি দামে সোনা বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।’
বিবৃতি অনুসারে, অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বেড়েছে। তবে সনাতনী সোনার দাম অপরিবর্তিত থাকবে। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৮ টাকা, যা শনিবার পর্যন্ত বিক্রি হয়েছে ৪৭ হাজার ৪৭২ টাকা দরে। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের সোনার ভরিতেও একই পরিমাণে দাম বেড়েছে। আজ থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকায়, যা আগে বিক্রি হচ্ছিল ৪৫ হাজার ১৯৮ টাকায়।
এ দিকে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য এক হাজার ৫০ টাকা।
