স্বাধীনতাবিরোধীদের প্রার্থিতা বাতিল চায় ‘প্রজন্ম ৭১’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫৭ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও স্বাধীনতাবিরোধীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে শহীদদের সন্তানদের সংগঠন ‘প্রজন্ম ৭১’।  গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছে তারা।

সংগঠনের সভাপতি শাহীন রেজা নূর ও সহসভাপতি আসিফ মুনীর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, ‘সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এ ছাড়া একাত্তর সালে দেশবিরোধী ভূমিকার জন্য জামায়াতকে অপরাধী দল আখ্যায়িত করে দেশের কোনো শীর্ষ পদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয় বলে মত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অথচ আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক জোটের অংশ হিসেবে জামায়াতের ২২ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধী সংগঠনের নেতাকর্মী, সে সংগঠনের আদর্শ ও দর্শনে বিশ্বাসী ব্যক্তিবর্গ এবং স্বাধীনতাবিরোধী যেকোনো ব্যক্তির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রহিত করা অবশ্যকর্তব্য বলে আমরা শহীদদের উত্তরসূরিরা মনে করি। এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ রেজা নূর বলেন, ‘আমরা শুধু জামায়াতে ইসলামী নয়, সকল যুদ্ধাপরাধী সংগঠনের সদস্য ও আদর্শে বিশ্বাসীদের রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না।’ এর আগে ঘাতক দালাল নির্মূল কমিটি, আওয়ামী লীগ ও গৌরব ৭১ নামের সংগঠনও জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত