জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ফল আজ সোমবার প্রকাশ করা হবে। একই দিনে বিনামূল্যের পাঠ্যবই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আগামী ১ জানুয়ারি সারা দেশে একযোগে বই উৎসব উদযাপন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কারণে আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেয় সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান (শিক্ষামন্ত্রীর একান্ত সচিব) দেশ রূপান্তরকে বলেন, ‘আজ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। একই দিন প্রধানমন্ত্রী পাঠ্যবই উৎসব উদ্বোধন
করবেন।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির সমাপনী এবং ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করা হবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই।’
চলতি বছর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন অংশ নিয়েছিল। গত ১৮ থেকে ২৬ নভেম্বর দেশজুড়ে একযোগে এই পরীক্ষা হয়।
জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষা হয় ১ থেকে ১৫ নভেম্বর। এতে অংশ নিয়েছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।
