আজ বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৮ এএম

স্থগিতের দাবি ঐক্যফ্রন্টের

আজ সোমবার বিনামূল্যের পাঠ্যবই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আগামী বছরের ১ জানুয়ারি সারা দেশে একযোগে বই উৎসব পালন করা হবে।

এদিকে সারা দেশে অনুষ্ঠেয় ‘বই উৎসব’ স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পূর্ব রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম দিন (১ জানুয়ারি) সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই উৎসব করা হবে। এদিন নতুন ক্লাসে সব শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হবে।

স্থগিতের দাবি ঐক্যফ্রন্টের : আজ সোমবার ২৪ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠেয় ‘বই উৎসব’ স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল রোববার (২৩ ডিসেম্বর) ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর দেশে ‘বই উৎসব’ পালিত হবে। এ উৎসব প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে। আমরা মনে করি যে, এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান এবং গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

চিঠিতে আরো বলা হয়েছে, এর আগে এ বই উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হতো। কিন্তু তড়িঘড়ি করে নির্বাচনের কয়েকদিন আগে এ উৎসব উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা করে দেওয়া হচ্ছে। বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন।

সিইসির প্রতি দাবি জানিয়ে চিঠিতে বলা হয়েছে, এমতাবস্থায় নির্বাচনের আগে বই উৎসব কর্মসূচি উদ্বোধন না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ ও বই উৎসব বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি। তবে জানুয়ারির ১-২ তারিখের মধ্যে বই উৎসব উদ্বোধন করা হলে কোনো আপত্তি নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত