পাকিস্তানি শাসকরা ১৯৭১-এর আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে ভারতের মোদি সরকারকে শিক্ষা দিতে গিয়ে এ উদাহরণ তুলে ধরেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে গতকাল রোববার এনডিটিভি জানিয়েছে, গত শনিবার লাহোরে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ইমরান খান। পাঞ্জাব সরকারের ১০০ দিনের অর্জন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট তারকা ইমরান বলেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তার সরকার পদক্ষেপ নিচ্ছে। দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহরও এমন স্বপ্ন ছিল। সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা, সুরক্ষা অনুভব করে, নতুন পাকিস্তানে তারা যাতে সমান অধিকার পায়, তার সরকার তা নিশ্চিত করবে।
ভারতে গো-হত্যা নিয়ে সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশটির প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহর একটি মন্তব্য থেকে সৃষ্ট বিতর্কের জেরে ইমরান সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে কথা বলেন। চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশের বুলান্দশার জেলায় কথিত গো-হত্যা নিয়ে সহিংস ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। এই ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন নাসিরুদ্দিন শাহ। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ভারতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্ব পায়।
এ বিষয়ে ইমরান বলেন, ‘কীভাবে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার করতে হয়, তা আমরা মোদি সরকারকে দেখিয়ে দেব। এখন ভারতের লোকজনই বলছে, সেখানকার সংখ্যালঘুরা সমান নাগরিক হিসেবে ব্যবহার পাচ্ছে না’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্বলরা যদি যথাযথ আচরণ না পায়, তাহলে তা অভ্যুত্থানে রূপ নেবে।’ এ প্রসঙ্গে তিনি পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) উদাহরণ টানেন। ইমরান বলেন, ‘পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকার দেওয়া হয়নি, এটাই ছিল বাংলাদেশ সৃষ্টির প্রধান কারণ।’
