বিদ্যুৎ খাতে ১৮ কোটি ডলার বিনিয়োগ করবে জেপিএল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৭ এএম

চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৮ কোটি ডলার বিনিয়োগ করবে জুলস পাওয়ার লিমিটেড (জেপিএল)। গতকাল এ বিষয়ে  জেপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূহের লতিফ খান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন।

বেজা জানায়, এ চুক্তির আওতায় জেপিএল চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ১০০  মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। এতে ১৮ কোটি ডলার বিনিয়োগ দরকার হবে। এই কেন্দ্র থেকে অর্থনৈতিক অঞ্চলের একটি মাল্টিপারপাস জেটি ও ৩৭ কিলোমিটার বিস্তৃত ১৩২ কেভির একটি সরবরাহ লাইন স্থাপন করবে।  এমওইউ অনুযায়ী, বেজা জেপিএলকে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ দেবে। সেখানে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেপিএলের এমডি নূহের লতিফ খান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত সম্ভাবনাময় খাত। বেজার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা দেশে শিল্পকারখানা ও ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সরকারের দেওয়া বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) ও বাস্তবায়ন চুক্তি (আইএ) থাকায় এ খাতে বিনিয়োগ থেকে বেশি মুনাফা পাওয়া যায়। সে জন্য এ খাতে নতুন নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশের সর্বপ্রথম নবায়নযোগ্য সোলার আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) প্রকল্প। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত