ইসিতে অভিযোগ

জামায়াত-শিবির নামে গ্রেপ্তার হাতপাখার কর্মী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ এএম

জামায়াত-শিবির আখ্যা দিয়ে নেতাকর্মীদের নামে মামলা, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ নিয়ে অভিযোগ জানিয়েছে। হাতপাখা প্রতীকে এবার দলীয়ভাবে সর্বোচ্চ ২৯৮টি আসনে লড়ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

প্রতিনিধিদলের সদস্য মাওলানা ইমতিয়াজ আলম সাংবাদিকদের বলেন, ‘নেতাকর্মীদের জামায়াত-শিবির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা দেওয়া হচ্ছে।’

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতউল্লাহ বলেন, ‘নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু তা লক্ষ করা যাচ্ছে না। সরকারি দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রার্থীরাও আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতিতে নির্দিষ্ট পরিচয়ের মানুষ ছাড়া অন্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’

এর আগে ১২টি নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর, মিছিল-প্রচারে বাধার অভিযোগ দেয় দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত