পোলককে ছাড়িয়ে সবার উপরে স্টেইন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:২৮ পিএম

অপেক্ষার প্রহর ফুরালো ডেল স্টেইনের। শন পোলককে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন শীর্ষে ডেল স্টেইনের নাম।

দারুণ এই মাইলফলক সামনে রেখে সেঞ্চুরিয়ান টেস্ট শুরু করেছিলেন ডান হাতি ফাস্ট বোলার স্টেইন। ৪২১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শন পোলকের সঙ্গে যৌথভাবে ছিলেন শীর্ষে ছিলেন এতোদিন। পোলককে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠতে মাত্র এক উইকেটের অপেক্ষা ছিল তার।

বুধবার পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম সকালেই ফখর জামানের উইকেট তুলে নিয়ে স্টেইন এখন এককভাবে শীর্ষে উঠে গেছেন। ৮৯তম টেস্ট খেলতে নামা স্টেইনের উইকেট সংখ্যা হয়ে গেছে ৪২২টি।

স্টেইন অবশ্য পোলককে ছাড়িয়ে যেতে পারতেন অনেক আগেই। কিন্তু ইনজুরি এগোতেই দিচ্ছিল না তাকে। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে যেমন ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেলেন। অর্থাৎ স্টেইনকে ধরে ফেলার বা ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা তার তখন থেকেই।

কিন্তু চোটের সঙ্গে এমন সখ্যতা হলো স্টেইনের, তিন বছরে খেলতে পেরেছেন মাত্র ৮ টেস্ট। তবে দীর্ঘ অপেক্ষার পরও রেকর্ডটি নিজের করে নিতে পেরে নিশ্চয়ই আলাদা স্বস্তি মিলে থাকবে স্টেইনের মনে।

তবে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি পোলকই। ৩৮৭ উইকেট সাবেক এই প্রোটিয়া অধিনায়কের। এই তালিকায় বেশ পেছনে স্টেইন। ১৯২ উইকেট নিয়ে ষষ্ঠ স্থানে তিনি।

৫৮ উইকেট নিয়ে টি-টুয়েন্টিতে নিজ দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্টেইন। ৬০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ইমরান তাহির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত