নির্বাচনী মাঠ থেকে বিতাড়নের জন্য সরকার, প্রশাসন, আদালত, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী সন্ত্রাসী এবং সর্বোপরি স্বয়ং নির্বাচন কমিশন সব এক জোট হয়েছে উল্লেখ করে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এ অবস্থায় দেশের জনগণই একমাত্র ভরসা।
বুধবার বিকেলে পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামালের এই বক্তব্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ড. কামালের লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের যুগ্ম মহাসচিব জগলুল হায়দার আফ্রিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ধারাবাহিকভাবে প্রতিটি নির্বাচনী এলাকায় হামলা, মামলা, গ্রেপ্তার ও প্রার্থীদের নৃশংস হামলার ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এ অবস্থায় ঐক্যফ্রন্টের ভরসা এ দেশের জনগণ তথা ভোটাররা।
সব ভয় শঙ্কাকে জয় করে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে এ দেশের সংগ্রামী মানুষ আগামী ৩০ডিসেম্বর ভোট যুদ্ধে অংশ নেবেন বলে আশা প্রকাশ করে বক্তব্যে বলা হয়, ভোটের মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পাবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সারা দেশে নানামুখী সাঁড়াশি আক্রমণ ও উসকানির পরও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াচ্ছে না। এটা ঐক্যফ্রন্টের বিশ্বাস যে, মানুষ অবাধে ভোট প্রয়োগের সুযোগ পেলে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম মহাসচিব জগলুল হায়দার আফ্রিক, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
