রোনালদোর গোলে রক্ষা ইউভেন্তুসের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:১২ এএম

ছেদ পড়তে বসেছিল সেরি আর চলতি মৌসুমে ইউভেন্তুসের অপরাজিত থাকার ধারায়। হেডে দারুণ একটি গোল করে আতালান্তার মাঠে পিছিয়ে পড়া দলকে হার থেকে বাঁচালেন বদলি নামা ক্রিস্তিয়ানো রোনালদো।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে ইউভেন্তুস। আতালান্তার বেরাত জিমসিতির আত্মঘাতী গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

ম্যাচের ২৪তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান দুভান সাপাতা। দ্বিতীয়ার্ধের শুরুতে মিডফিল্ডার রদ্রিগো বেনতাসুর লাল-কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের পরিণত হয় ইউভেন্তুস। সুযোগটা কাজে লাগাতে বেশি সময় নেয়নি আতালান্তা। সতীর্থের ক্রস থেকে খুব কাছ থেকে নেওয়া হেডে সাপাতা জালে বল জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

আক্রমণে গতি বাড়াতে ৬৫তম মিনিটে রোনালদো নামান আল্লেগ্রি।১৩ মিনিটের মধ্যেই ফল মেলে। ৭৮তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে ডি-বক্স থেকে হেড নেন মারিও মানজুকিচ। বল পেয়ে যান রোনালদো। আস্তে করে নেওয়া হেডে জালে জড়ান বল। তার এই গোলেই ড্র পায় ইউভেন্তুস। চলতি সেরি আয় এই নিয়ে ১২টি গোল পেলেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।

১৮ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের গত সাত আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। দ্বিতীয়স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৪১। তৃতীয়স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৩৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত