দল হারলে আগে বাড়ি ফিরে কথা বলতেন না। ম্যাচ প্রসঙ্গে থাকতেন চুপচাপ। লিওনেল মেসি এই অভ্যাস পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তার বড় ছেলের কারণে। বড়দিনের ছুটিতে যাওয়ার আগে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
‘আগে চুপ থাকতাম। কিন্তু এখন না। হার এবং খারাপ খেলার বিচার করা সব সময় কঠিন। কিন্তু থিয়াগো মন্তব্য করতে জোর করে। কী হয়েছিল, কেন জিতিনি এসব কৈফিয়ত তাকে দিতে হয়,” বলছিলেন মেসি।
মেসির সংসারে এখন তিন ছেলে। সবচেয়ে ছোটজনের নাম সিরো। অন্য দুজনের নাম মাতেও এবং থিয়াগো। মেসি জানান, বড় ছেলে থিয়াগো ফুটবলের সঙ্গে বেশি সম্পৃক্ত।
“সবাই ফুটবল অনেক পছন্দ করে। কিন্তু থিয়াগো খেলাটা বেশি বোঝে এবং আলোচনা করে। কারণ ও বড় হচ্ছে। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে অনুসরণ করে। মতামত দেয়। কিছু মনমতো না হলে আমার সঙ্গে কথা বলে।”
২০১৭ সালে দীর্ঘ দিনের বান্ধবী রোক্কুস্সোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসি। বিয়ের আগে তাদের ঘরে জন্ম নেয় দুই ছেলে থিয়াগো ও মাতেও। গত মার্চে পৃথিবীতে আসে তাদের তৃতীয় ছেলে সিরো। এখন একটি মেয়ে সন্তানের অপেক্ষায় আছেন তারা।
“সিরো কেবল বড় হচ্ছে। আমি, রোক্কুস্সো একটি মেয়ে চাই। কিন্তু আমরা অপেক্ষা করবো। এখনো তো সময় আছে।”
