‘রানি রাসমণি’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের পাশে দাঁড়িয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন গায়িকা ইমন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় ঘটেছে এ কাণ্ড।
বৃহস্পতিবার দিতিপ্রিয়ার দুটি গানের ভিডিও ভাইরাল হয়। একটি অনুষ্ঠানে ‘কলঙ্কিনী রাধা’ ও ‘পিন্দারে পলাশের বন’ গান দুটি গেয়েছিলেন তিনি। তার পরেই শুরু হয় ট্রোলিং। এক পর্যায়ে অভিনেত্রীর পাশে দাঁড়াতেই সোশ্যাল মিডিয়ায় অপমানিত হতে হয় ইমনকে। ক্ষুব্ধ হয়ে পোস্ট ডিলিট করে দেন ‘প্রাক্তন’ সিনেমার গায়িকা।
ইমন লিখেছিলেন, “একটা ছোট্ট মেয়ের এতে কী মানসিক প্রভাব পড়তে পারে ভাবব না? কেন এমন জঘন্য ট্রোলিং? শিল্পীদের নিয়ে যা ইচ্ছা করা যায়, না? যা খুশি নাকি? আমি নিজে একজন শিল্পী হয়ে এর প্রতিবাদ করছি।”
সবাইকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলে জানিয়ে দেন, দিতিপ্রিয়া একজন ১৬ বছরের কিশোরী। মেগা সিরিয়ালে অভিনয়ের চাপ সামলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ও ভালো ফল করছেন।
কিন্তু কে শোনে কার কথা। উল্টো এই শিল্পীকে পড়তে হয় বিশ্রী ট্রোলিংয়ের মুখে। অশালীন ভাষায় মন্তব্য করেন কেউ কেউ। এতেই অপমানিত বোধ করে পোস্টটি মুছে দেন ইমন।
পরে আরেক পোস্টে জানান, এর পর থেকে আর কখনো কোনো বিষয় নিয়ে মন্তব্য করবেন না তিনি। এ পোস্টে অনেকেই তাকে সমর্থন করেন। তবে কারও কারও মন্তব্য- কেউই দিতিপ্রিয়াকে ‘ব্যক্তিগত আক্রমণ’ করেননি।
