পিরের নির্দেশে নারীরা ভোট দেন না এ গ্রামে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৪ পিএম

বাংলাদেশ স্বাধীনের পর একে একে একাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে রোববার। হয়েছে স্থানীয় সরকারের বহু নির্বাচনও। কিন্তু চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা কখনো ভোট দেননি! এক পিরের ‘আদেশকে’ সম্মান জানিয়ে নারীরা ভোটদানে বিরত রয়েছেন বলে জানা যায়। এবারও অবস্থা পাল্টানোর তেমন সম্ভাবনা নেই।

ফরিদগঞ্জ উপজেলার ওই ইউনিয়নে মোট নারী ভোটার ১২ হাজার ১১৪ জন। ৪ বর্গমাইল আয়তনের ইউনিয়নে পুরুষ ভোটার ১২ হাজার ৩৩০ জন। অর্থাৎ, এবারও অর্ধেক ভোটার ভোটদান থেকে বিরত থাকছেন।

স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন বলেন, ‘দেশ স্বাধীনের পর এই এলাকায় মহামারি আকারে কলেরা দেখা দেয়। এ সময় ‘জৈনপুরি’ নামে এক বীর নারীদের পর্দার সঙ্গে চলাচলের পরামর্শ দেন। তখন থেকেই পর্দানশিন রাখতে নারীদের ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়।’

ভোটাধিকার প্রয়োগ না করলেও সব ধরনের কাজ করতে ঘরের বাইরে বের হন নারীরা। হাট-বাজার থেকে শুরু করে অফিস-আদালত সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি রয়েছে।

রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোয়ারা বেগম বলেন, ‘২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আমি জয়লাভ করলেও কোনো নারী আমাকে ভোট দেননি। আশা করি, সংসদ নির্বাচনে নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

তবে এবার নারীরা ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী লোকের সংখ্যাও কম নয়। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ খান বলেন, ‘একটা সময় এই ইউনিয়নের নারীরা ভোটাধিকার প্রয়োগ না করলেও এখন চিত্র পাল্টাচ্ছে। জাতীয় নির্বাচনে নারীরা ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমি বিশ্বাস করি।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসকান্দার আলী দেশ রূপান্তরকে বলেন, ‘পিরের নামে গুজব ছড়িয়ে নারীদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত রাখা হয়। এ ক্ষেত্রে ইউনিয়নের চেয়ারম্যানরাও দায় এড়াতে পারবেন না’।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘ওই ইউনিয়নের নারীদের নির্বাচনমুখী করতে জনসচেতনতামূলক কাজসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী আফরোজ বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শনে নারীদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছি। কিন্তু তারা বহুকাল পূর্ব থেকে ভোটদান থেকে বিরত রয়েছেন।

এই নির্বাচনেও নারীদের ভোট দেওয়ার বিষয়ে নিরাশার কথাই ব্যক্ত করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত