অপপ্রচার শনাক্তে কাজ করছে সাইবার টিম: র‌্যাব

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:২১ পিএম

গুজব, মিথ্যা তথ্য বা অপপ্রচার শনাক্ত করার জন্য আমাদের সাইবার টিম কাজ করছে বলে জানিয়েছেন র‌্যাব-১৩ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক। শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের সরকারি মহিলা কলেজের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

র‌্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট রেডি আছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আমরা ব্যবহার করবো। এর বাইরে ঢাকাতে আমাদের হেলিকপ্টার টহল রেডি আছে। যদি কোথাও আমাদের জরুরি অবতরণের প্রয়োজন হয় তাহলে হেলিকপ্টার সাপোর্ট নিয়ে জরুরি অবতরণ করবো।

গাইবান্ধার চারটি আসনে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আশ্বস্ত করে রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ সকলে দলে দলে এসে ভোট দিয়ে নিরাপদে তারা ফেরত যাবে। কোথাও কোন আইনশৃঙ্খলার অবনতি ঘটবে না। এসব আসনে র‌্যাব পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে রোভার্স পেট্রলিং  চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা গুজব ছড়াচ্ছে বা অপপ্রচার করছে তাদেরকে আমরা আইডেনটিফাই করছি। পাশাপাশি ছাত্রাবাস, যানবাহন এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় আমরা তল্লাশি করছি। বহিরাগত যারা আছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চরাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এলাকা ভাগ করে নিয়েছি। চর এলাকায় পুলিশ, বিজিবির বেশি করে জনবল রয়েছে। প্রয়োজন হলে আমাদের হেলিকপ্টার সাপোর্ট যাবে। যে কোন ধরনের তথ্য দিতে ৯৯৯ বা রিপোর্ট টু র‌্যাব অ্যাপসের মাধ্যমে জানানো যাবে র‌্যাবকে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর আরমিন রাব্বী, গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ রায়হান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত