অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে কমনওয়েলথ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এই আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে গত কয়েক সপ্তাহের নির্বাচনী সহিংসতা ও রাজনৈতিক দলগুলোর প্রার্থী এবং সমর্থকদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হুমকি ও শঙ্কাহীন পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল এবং পক্ষকে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ারও আহ্বান জানান কমনওয়েলথ মহাসচিব।
নির্বাচন পর্যবেক্ষণ করতে জ্যেষ্ঠ দুই সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে কমনওয়েলথ।
নির্বাচন কমিশনের পাশাপাশি ঢাকায় কমনওয়েলথের আন্তর্জাতিক অংশীদার এবং রাজনৈতিক বিভিন্ন পক্ষ ও অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
বিবৃতিতে প্যাট্রিসিয়া বলেন, ‘বাংলাদেশের জনগণকে তাদের জাতীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোতে অবাধ এবং শক্তিশালী অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত।’
