আর্সেনালকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত থাকার ধারা ধরে রাখার পাশাপাশি পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে শীর্ষে থাকা লিভারপুল।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে শনিবার রাতের ম্যাচটিতে ৫-১ গোলের জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল। হ্যাটট্রিক করেন রবের্তো ফিরমিনো; অপর দুই গোল সাদিও মানে ও মোহামেদ সালাহর।
২০ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৪। দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের কাছে ৩-১ গোলে হারা টটেনহ্যাম্পটন হটস্পার ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। এক পয়েন্ট কম নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে তৃতীয়স্থানে।
প্রতিপক্ষের মাঠে একাদশ মিনিটে আইনসলে ম্যাইটল্যান্ড-নায়ালসের গোলে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। ঘুরে দাঁড়াতে মোটেও সময় নেয়নি লিভারপুল। দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ফিরনো।
৩২তম মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে মানে জালের দেখা পেলে তৃতীয় গোল পায় লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সালাহ নিজে পেনাল্টি থেকে গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।
আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকেন ফিরমিনো। ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে পঞ্চম গোল এনে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক পূর্ণ করেন ফিরমিনো।
