৩০ ডিসেম্বর সারা দিন উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন সর্বস্তরের ভোটাররা। এই নির্বাচনে উৎসবের আমেজে ছিলেন তারকারাও। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ তারকাদের নানামুখী তৎপরতা দেখা গেছে। ভোটের দিনও তারকারা নিজেদের কালি মাখা বুড়ো আঙুলের ছবি ফেসবুকে প্রকাশ করে নিজেদের অনুভূতি জানিয়েছেন। বেশির ভাগ তারকাই বলেছেন এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলেও তারা মন্তব্য করেছেন।
এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। ধানমণ্ডীর একটি কেন্দ্রে ভোট দিয়ে এসে ফেসবুকে বুড়ো আঙুলের কালি মাখা ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভোটেড’। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে দেশ রূপান্তরকে শাওন বলেন, 'প্রথমবার ভোট দিয়েছি, এটা অবশ্যই আনন্দের। এবার বেশ উৎসবের আমেজেই ভোট হয়েছে। আমি যে প্রার্থীকে ভোট দিয়েছি সেই প্রার্থী জিতে গেলেই আমার ভোট দেওয়া সার্থক হবে।’
এর আগের রাতে একটি ফেসবুক স্ট্যাটাসে শাওন জানিয়েছিলেন তার মার্কা নৌকা। নিজের পছন্দের প্রতীকেই ভোট দিয়েছেন শাওন।
এদিকে আগে কেন ভোট দেওয়া হয়নি জানতে চাইলে শাওন বলেন, 'অনেকেই আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এর আগে ভোট দিইনি।মেসেজে ভরে গেছে মেসেঞ্জার। অনেকে ফোন দিয়েও জানতে চেয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে ১০ বছর আগে যখন ভোটার লিস্ট হয় তখন আমি বিদেশে ছিলাম। ফলে ভোটার লিস্টে আমার নাম তুলতে পারি নাই। এরপর যখন ভোটার হলাম সেবার আমার এলাকায় নির্বাচন হয়নি। সে হিসেবে এবার ভোট দেওয়ার সুযোগ পেলাম।'
মুজিব কোট আর সাদা পাঞ্জাবি পরে নারায়ণগঞ্জে ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি। ভোট দেওয়ার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, 'লাইফে সেকেন্ড টাইম ভোট দিলাম। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি।'
চিত্রনায়ক নিরব ভোট দিয়ে এসে কালিমাখা বুড়ো আঙুলের ছবি ফেসবুকে প্রকাশ করে লিখেছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলাম। দেশ রূপান্তরকে নিরব বলেন, 'কাফরুল এলাকার বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছি। আমি ভোট দিয়েছি বিকেলে। তখনো বেশ কিছু মানুষ ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ হয়েছে।’
উত্তরার একটি কেন্দ্রে চিত্রনায়ক ওমর সানি ভোট দিয়ে এসে ফেসবুকে ছবি প্রকাশ করে লিখেছেন নিজ অধিকার বলে থাকুন উজ্জ্বল সব সময়!'
চিত্রনায়ক ইমন ভোট দিয়ে এসে বলেছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে ভোট দিয়ে এলাম।
এদিকে অভিনেত্রী তারিন ভোট দিয়ে এসে ফেসবুকে লিখেছেন, 'নির্ঝঞ্ঝাট, সুষ্ঠু, সুন্দর পরিবেশ ভোট কেন্দ্রে। কোনো ঝামেলা ছাড়াই উৎসব মুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিয়ে এলাম। কেন্দ্রে মানুষের ভিড়। সবাই আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে।'
এদিকে এবার বেশ কয়েকজন তারকা সংসদ নির্বাচনে প্রার্থীও হয়েছেন। ঢাকা ১৭ আসন থেকে সংসদ নির্বাচন করেছেন চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক সোহেল রানা নির্বাচন করেছেন বরিশাল-২ আসন থেকে, নীলফামারী ২ আসন থেকে সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ-২ আসন থেকে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ-১, সংগীতশিল্পী বেবি নাজনীন নীলফামারী-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন।
