নীলফামারীর চারটি আসনে শান্তিপূর্ণ ভোট

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ এএম

নীলফামারীর চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে জেলার ৫০৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তবে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া ও কেন্দ্রে আসতে বাধার অভিযোগ এনে নীলফামারী-২ ও নীলফামারী-৩ আসনের ধানের শীষের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়ে সরে দাঁড়ান।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৮টায় নীলফামারী-২ আসনে জেলা শহরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। পুলিশ লাইন্স স্কুল কেন্দ্রেও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

জেলার অন্যান্য আসনেও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। শহরের উদয়ন শিশু বিদ্যাপিঠ কেন্দ্রে বেলা ১১টা ১৫ মিনিটে ভোট দেন সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর।

নীলফামারী-৩ আসনের জলঢাকা উপজেলার বেরুবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার সময় পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসানুর রহমান শাহিন ঘটনা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত