শেরপুরের ৩টি আসনেই এবারও আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। রবিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বেসরকারি ফলাফল অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগপ্রার্থী হুইপ আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে ২ লক্ষ ৮৭ হাজার ৪৫২ ভোট পেয়ে টানা পঞ্চম দফায় জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে ২৭ হাজার ৬৪৩ ভোট পেয়েছেন। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ৩ লক্ষ ৪৪২ ভোট পেয়ে পঞ্চম দফায় জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে প্রকৌশলী ফাহিম চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন নৌকা প্রতীকে ২ লক্ষ ৫১ হাজার ৯৩৬ ভোট পেয়ে টানা তৃতীয় দফায় জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল ১২ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।
অন্যদিকে ভোট কারচুপির অভিযোগ করে দুপুর সাড়ে ১২ টায় শেরপুর ডিসি গেটে সংবাদ সম্মেলনে শেরপুর-২ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে প্রকৌশলী ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল তাদের ভোট বর্জন ও নিজ প্রার্থিতা প্রত্যাহার করেন।
