তরতাজা পিজা ভাই

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৩ এএম

ডার্ক হিউমারের প্রতি নুহাশ হুমায়ূনের আলাদা টান রয়েছে। তার প্রথম টিভি ফিকশন ‘হোটেল অ্যালবাট্রস’-এ বিষয়টি টের পাওয়া যায়। অনলাইন প্ল্যাটফরম বায়োস্কোপের অরিজিনাল কনটেন্ট হিসেবে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পিজা ভাই’। বিষয় আলাদা হলেও উপস্থাপনার ঢং সেই ডার্ক হিউমার-ই।

‘পিজা ভাই’র নায়ক পার্থ পার্টটাইম পিজা ডেলিভারি বয়। শুধু রাতেই একঘেয়ে এ কাজ করে সে। ঝামেলাও কম নয়, সে অনুসারে বেতন ততটা আকর্ষণীয় নয়। ঘটনাচক্রে পিজা ডেলিভারি দিতে গিয়ে পার্থর সঙ্গে পরিচয় হয় সাবেক গার্লফ্রেন্ডের বর্তমান প্রেমিকের সঙ্গেÑ যে তাকে মাদকের ব্যবসায় আসার হাতছানি দেয়। আর্থিক সংকট আর খানিক অ্যাডভেঞ্চারের লোভে পার্থ জড়িয়ে পড়ে ওই কারবারে। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের রাস্তাঘাট বড়ই পিচ্ছিল। পার্থর জন্য হুমকি হয়ে দাঁড়ায় বেবি ভাইয়ের দল। এর পরের কাহিনী রহস্য ও রহস্যের জট খোলার।

নুহাশ ৩৫ মিনিটের ফিকশনে বিশদ কাহিনী বর্ণনা করেছেন। কখনো বা মনোলগ আর কখনো ফিকশনের প্রচলিত ফর্মেটে। যদিও বড় দৈর্ঘ্যে এ গল্প দেখতে ইচ্ছা করে, কিন্তু জানান দেয়, নুহাশ গল্প বলায় কতটা পারঙ্গম। কোনো দৃশ্য বা সংলাপ থেকে চোখ-কান ফেরানো যায় না। তা ছাড়া নুহাশ যেকোনো গল্পে তরতাজা ট্রিটমেন্ট নিয়ে হাজির হন, যা বরাবরই উপভোগ্য। এ ছাড়া তার আগের নির্মাণগুলো বিশেষ করে সর্বশেষ ফিকশন ‘৭০০ টাকা’র চেয়ে অনেক পরিপক্ব কাজ ‘পিজা ভাই’।

গল্পের একাধিক বাঁক আছে। বিশেষ করে শেষ টুইস্ট খুব বেশি না হলেও চমকে দেওয়ার মতো। সেই সাসপেন্সময় মুহূর্তে গল্পের ইতি টানেন নুহাশ। যেন ঠিকঠাক দাঁড়ি টানা।

পাশাপাশি নির্মাণশৈলী গল্পকে প্রাণবন্ত করেছে। ছোট ছোট কমিক দৃশ্য, সংলাপ একদমই বোর হতে দেয় না। অবশ্য পুলিশ পিজার দোকান ঘিরে ফেলার পরও পার্থ কীভাবে পালিয়ে যায় স্পষ্ট নয়! আর পুলিশ কেন ভেতরে না ঢুকে বাইরে অপেক্ষা করে বোঝা যায়নি।

ছোট দৈর্ঘ্যরে এ চলচ্চিত্রে ‘পিজা ভাই’ চরিত্রে অভিনয় করেছেন রাহাত রহমান। সাধারণত এ ধরনের চরিত্রে আরেকটু নায়কোচিত কাউকে দর্শক আশা করেন। এখানেই নুহাশ ভালো টোপ ফেলেছেন। রাহাত দারুণ অভিনয় করেছেন। তার চেয়ে বড় বিষয় পিজা ডেলিভারি বয় হিসেবে রাহাতকে বিশ্বাসযোগ্য ও বাস্তবানুগ মনে হয়েছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশৌরী রশীদ খান, জুনেয়

না ফ্রান্সিস কবীর ও বায়েজীদ হক জোয়ার্দার। সব কাস্টই যথাযথ, অভিনয়ও করেছেন ক্যাজুয়াল মুডে। ভালো লাগে। বেশ ভালো লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত