মেয়েকে নিয়ে চিন্তায় শাহরুখ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ এএম

কিং খানের মেয়ে বলে কথা। তাকে তো পারদর্শী হতেই হবে। মেয়ে যেনতেনভাবে অভিনয়ে ক্যারিয়ার শুরু করুক, সেটা চান না শাহরুখ খান। তাই সুহানা খানকে অভিনয় শিখতে যুক্তরাষ্ট্র পাঠিয়েছেন বলিউডের বাদশাহ। তার ইচ্ছে, যথাযথ প্রশিক্ষণ নিয়েই মেয়ে এই লাইনে আসুক। ‘জিরো’ ছবির শ্যুটিং সেটে বাবাকে সহযোগিতা করেন সুহানা খান। এরপর সংবাদমাধ্যমকে শাহরুখ জানিয়েছিলেন, শেখার জন্য মেয়েকে বাইরে পাঠিয়েছেন তিনি। অভিনয়ের কোর্স করে পরে এসে কাজ শুরু করবে বলিউডে বা যেখানে তার ইচ্ছে। তিনি বলেন, ‘সত্যি বলতে, আপনি ভালো অভিনেতা হতে পারবেন না, যদি আপনি এ বিষয়ের ওপর পড়াশোনা না করেন। এ জন্যই আমি সুহানাকে চার বছরের কোর্স করতে পাঠিয়েছি। যার যে বিষয়ে আগ্রহ আছে, সেটার ওপর প্রশিক্ষণ নিয়ে তারপর ওই কাজে নামা উচিত। সেটা অভিনয়ের ক্ষেত্রেও সত্যি।’

সুহানা লন্ডনে পড়াশোনা করছেন। এ অবস্থায় অভিনয়ের প্রশিক্ষণ নিতে তাকে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে। পড়াশোনা শেষে অভিনয়ের ওপর ইন্টার্নশিপ করতে হবে তাকে। শাহরুখ বলেন, ‘গত বছর ইন্টার্নশিপের সময় আমি তাকে জিরোর সেটে ডেকেছিলাম। দুজন চমৎকার সময় কাটিয়েছি। আনন্দ খুব স্মার্ট পরিচালক। তিনি সুহানাকে সহকারী পরিচালক হিসেবে কাজে লাগিয়ে দেন। দেখলাম সুহানা বাড়িতে আমার আগেই প্রস্তুত। সময়মতো সেটে আসতে আমাকে সাহায্য করত সে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত