ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি : মুহিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৬ এএম

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তার দল আওয়ামী লীগ কখনো ভোট ছাড়া ক্ষমতায় আসেনি।

গতকাল রবিবার সকালে সিলেট শহরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুহিত বলেন, ‘আপনারা ইতিহাস ঘেঁটে দেখতে পারেন, আওয়ামী লীগের ভোট ছাড়া ক্ষমতায় আসার কোনো নজির নেই।

২০০৮ সালের পর এবার ভোটে একটি উৎসবের আমেজ বিরাজ করছে।

২০১৪ সালে বিএনপি নির্বাচনে না আসায় উৎসবের আমেজ ছিল না। পৃথিবীর কোনো দেশে এমন সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয় না।’

ভোটার উপস্থিতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকায় ৪০ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়। আমাদের দেশে সবসময় ৬০ থেকে ৭০ শতাংশ কাস্ট হয়। এবার মানুষের মাঝে ভোট দেওয়ার যে প্রবণতা দেখছি, তাতে আমার মনে হয় ৮০ শতাংশ ভোট কাস্ট হবে।’

ভোটের মাঠে কিছুটা উত্তেজনা থাকবে অভিযোগ করে মুহিত বলেছিলেন, ‘নির্বাচনে এ রকম একটু উত্তেজনা থাকেই।

এমন উত্তেজনা থাকবেই। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তারা সবাই আশা করে জয়লাভ করবে।’

আওয়ামী লীগের জয় নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমরা এ নির্বাচনে জয়লাভ করব বলে আশাবাদী। অন্য আসনের কথা বলতে পারব না। তবে সিলেট-১ আসনে মনে হয় না এমন কোনো কঠোর পথ পাড়ি দিতে হবে।’

অর্থমন্ত্রীর সঙ্গে তার ছোট ভাই সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে আবদুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও মুহিত পরিবারের সদস্যরা ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত