বিএনপির প্রার্থী সালাহ উদ্দিনের ওপর হামলা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ এএম

নির্বাচনে ভোট দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ। বর্তমানে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রয়োগ করতে গিয়ে হামলার শিকার হন তিনি।

হামলায় তার প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ছেলে তানভির আহমেদ রবিনও গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত সালাহ উদ্দিন আহমেদকে প্রথমে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয় সেখানে।

এর আগে বেলা সাড়ে ৯টার দিকে শ্যামপুর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে আসেন সালাহ উদ্দিন আহমেদ। তিনি কেন্দ্রটির বুথগুলো থেকে বিএনপির পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এ সময় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে পোলিং এজেন্ট বের করে দেওয়ার বিষয়টি অবহিত করেন তিনি। এক পর্যায়ে এই নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ঘটনার জন্য মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার কর্মী-সমর্থকদের দায়ী করে তানভীর হায়দার রবিন বলেন, তারা আগে থেকেই সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত ছিল। এজন্য পোলিং এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে জানতে চাওয়ার কারণে এই হামলা হয়েছে। তিনি জানান, সালাহ উদ্দিন আহমেদের অবস্থা ভালো নেই। শরীরের বিভিন্ন স্থানে মারধরের পাশাপাশি তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। প্রচ- রক্তক্ষরণের কারণে অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা তাকে অপারেশন করেছেন, এখনো জ্ঞান ফেরেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত