গোপালগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের তিন হেভিওয়েট প্রার্থী ৯৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বিএনপির তিন প্রার্থী পেয়েছেন সর্বসাকল্যে ৪৬৬ ভোট। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পেয়েছেন ৯৯.৭৪ শতাংশ ভোট। গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম পেয়েছেন ৯৯.৩৫ শতাংশ ভোট। আর গোপালগঞ্জ-১ আসনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান জয়ী হয়েছেন ৯৯.৩৬ শতাংশ ভোট পেয়ে। গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জিলানী পান ১২৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ পান ৭১ ভোট। গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম পেয়েছেন দুই লাখ ৮১ হাজার ৯০৯ ভোট। এ আসনে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ পান ২৮৬ ভোট। অন্যদিকে গোপালগঞ্জ-১ আসনে ফারুক খান পান তিন লাখ তিন হাজার ১৬২ ভোট। ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর পেয়েছেন ৫৭ ভোট।
×
