মহাপৃথিবী ছাড়লেন মৃণাল সেন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৪:২৭ এএম

চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেন। গতকাল রবিবার  সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার ভবানীপুরে নিজের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

১৯২৩ সালে ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। হাইস্কুলের পড়া শেষে তিনি কলকাতায় চলে যান। সেখানে স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি সাংবাদিক, ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্রে শব্দকুশলী হিসেবে কাজ করেন। রাজনীতির মতাদর্শে তিনি ছিলেন বামপন্থায় বিশ্বাসী।

১৯৫৫ সালে মৃণাল সেন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রাতভোর’ মুক্তি পায়। এর আগে ১৯৫০ সালে ‘দুধারা’ নামে একটি সিনেমা পরিচালনার সঙ্গে যুক্ত  ছিলেন তিনি। যদিও সিনেমাটির পরিচালক হিসেবে নাম রয়েছে ‘অনামী’। এই ছবিটির কাহিনী মৃণাল সেনের। বিশিষ্ট সিনেমাটোগ্রাফার বিদ্যাপতি ঘোষ এই সিনেমার ক্যামেরাম্যান ছিলেন। চলচ্চিত্রের অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন গীতা সোম, পরবর্তী সময়ে মৃণাল সেন গীতাকে বিয়ে করেন। দ্বিতীয় চলচ্চিত্র ‘নীল আকাশের নীচে’ মৃণাল সেনকে আপামর দর্শকের সঙ্গে সুপরিচিত করে তোলে। তৃতীয় চলচ্চিত্র ‘বাইশে শ্রাবণ’ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে  দেয়। ১৯৬৯-এ মুক্তিপ্রাপ্ত ‘ভুবন  সোম’-এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি আসে। ভারতের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন মৃণাল সেন।

সূত্র : আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত