দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মানবাধিকার কমিশন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০৫:৫৭ পিএম

একাদশ সংসদ নির্বাচন পর্যালোচনা করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেগুলোর তুলনায় এবার সহিংসতার হার কম। তাই দলীয় সরকারের অধীনেও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মানবাধিকার কমিশন নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজেয়ে ভোটের ব্যবধান এত বেশি হওয়ার কারণ খুঁজতে গবেষণার প্রয়োজন বলে জানায়।

এ সময় নোয়াখালীতে ভোট প্রদানকে কেন্দ্র করে এক নারীর দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনা তদন্তের কথাও জানান মানবাধিকার চেয়ারম্যান।

নির্বাচনে জয় পরাজয়ে ভোটের ব্যবধান বিষয়ে কাজী রিয়াজুল হক বলেন, ‘এর কারণ আমি বলতে পারব না, তবে এত ভোটের ব্যবধান কেন হলো, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। এটা গবেষণা করে দেখা উচিত।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জাতীয় মানবাধিকার কমিশন সারাদেশ থেকে ৫২টি অভিযোগ পেয়েছে জানিয়ে রিয়াজুল হক বলেন, ‘বেশিরভাগ অভিযোগ ভয়ভীতি প্রদর্শন, ভোট না দিতে বাধা প্রদান, এরকম আসছে।’

এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবকে বলা হয়েছে বলেও এসময় জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে মানুষগুলো সহিংসতায় মারা গেছেন, আমরা তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। নির্বাচন কমিশনকে চিঠি দেব। তারা এসব বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে তাও জানব। আমরা কমিশনের পক্ষ থেকেও তদন্ত করব।’

তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়’।

রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে নিজের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘আমি কয়েকটি কেন্দ্রে তাদের(ঐক্যফ্রন্টের) এজেন্ট দেখেছি, কিছু কেন্দ্রে এজেন্ট দেখিনি। গুলশানের একটি কেন্দ্রে আমি তাদের এজেন্ট পাইনি। তবে বনানী ও বেইলি রোডে তাদের এজেন্ট ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত