বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০৩:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর কন্যা। পরে তিনি আওয়ামী লীগের নেতাদের নিয়ে দলীয় সভাপতি হিসেবে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আবদুল মতিন খসরু,ওবায়দুল কাদের, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতারা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। সেখানে মা ও ভাইসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী জেলখানায় হত্যাকাণ্ডের শিকার সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন আওয়ামী লীগ সভাপতি। শ্রদ্ধা জানানো শেষে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। আগামীকাল বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের। এরই অংশ হিসেবে তিনি বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত