নিজে মা হয়েছেন; তাই কর্মজীবী মায়েদের বেদনা ভালো করেই জানা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। মা হওয়ার পর ক্যারিয়ারে ইতি না টেনে বরং নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যাপারটাকে কঠিনভাবে নিতে নারাজ সেরেনা। তার মতে- ‘সবই সম্ভব’।
নতুন বছরে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়ের এই বার্তা কর্মজীবী মায়েদের জন্য হতে পারে দারুণ অনুপ্রেরণা।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজেকে ঝালিয়ে নিতে পার্থে হোপম্যান কাপে খেলছেন সেরেনা। সঙ্গে আছেন তার শিশু মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া অহেনিয়ান।
হোপম্যান কাপে সেরেনা অনুশীলনের একটা ছবি পোস্ট করেছেন এক কোটি ৪০ লাখ ফলোয়ারের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তাতে দেখা যাচ্ছে, মেয়ে অলিম্পিয়াকে কোলে নিয়েই স্ট্রেস করছেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। ছবির উপরে তার লেখাটা কর্মজীবী বাবা-মায়ের উদ্দেশে।
“কর্মজীবী মা ও বাবারে জন্য এমনটা আমাদের করতেই হয়। সবই সম্ভব।”
এবারের হোপম্যান কাপ খুবই স্মরণীয় হয়েছে সেরেনার জন্য। ক্যারিয়ারে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন টেনিসে নিজের সমসাময়িক কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে।
