সুবর্ণচরের ঘটনায় কেউ ছাড় পাবে না : কাদের

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০১:৩৫ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না। গতকাল বুধবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সুবর্ণচরের এই ঘটনা নিয়ে নোয়াখালী-৫ আসনের নির্বাচনে জয়ী কাদের বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, কেউ পার পাবে না। আমি এ ব্যাপারে নেত্রী প্রধানমন্ত্রীর মনোভাব জানি। এ ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে আছে। অপরাধী যে-ই হোক, শাস্তি তাকে পেতেই হবে।’

বিষয়টি নিয়ে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীর ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররাও সিরিয়াসলি বিষয়টি দেখছেন এবং প্রশাসনও তৎপর।’ এদিকে ঘটনা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের দুটি তদন্ত দল গতকাল বুধবার নোয়াখালীতে গেছে।

মানবাধিকার কমিশনের তদন্ত দলের প্রধান আল মাহমুদ সাংবাদিকদের বলেন, ওই নারী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তারা। চিকিৎসার প্রতিবেদন হাতে পাওয়ার পর কমিশনে তদন্ত প্রতিবেদন দেবেন।

গত রবিবার একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্যা গ্রামের এক নারীকে (৪০) তার বাড়িতে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগকারী নারী বলেছেন, ভোটকেন্দ্রে বাকবিতন্ডার জেরে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে ধর্ষণের শিকার হন। তবে আওয়ামী লীগ নেতারা এ ঘটনার সঙ্গে দলীয় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় গৃহবধূর স্বামী ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে অন্যতম সন্দেহভাজন সোহেলসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত