দুই নারী শ্রমিকের মৃত্যু বাসের চালক তিন বছর লাইসেন্সহীন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০১:৪৮ এএম

মালিবাগে বাসের নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার চালক লাইসেন্স ছাড়াই তিন বছর ধরে গাড়ি চালাচ্ছিল। ওই বাসচালককে গ্রেপ্তারের পর তাকে

প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চালক জুনায়েদকে (২৭) একমাত্র আসামি করে নিহত একজনের মায়ের করা মামলায় পুলিশ দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ এনেছে। তবে এ ঘটনায় ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনকারীরা।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, জুনায়েদের কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স ছিল না। এমনকি চালকের সহকারীর লাইসেন্সও দেখাতে পারেনি সে। জুনায়েদ নিজের অপরাধ স্বীকার করায় তার জন্য রিমান্ড চাওয়া হয়নি। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে সুপ্রভাত পরিবহনের বাসের (ঢাকা মেট্রো ব ১১-৯৬১৩) চাপায় নিহত হয় মীম ও পলি। এ ঘটনায় মীমের মা মোছা. জরিনা বেগম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গাড়ির চালক জুনায়েদকে একমাত্র এজহারনামীয় আসামি করা হয়েছে। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া গ্রামে।

জুনায়েদকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই ফারুক বলেন, সে দুই নারীকে গাড়ি চাপা দেওয়ার কথা স্বীকার করেছে। সে আগে সুপ্রভাত পরিবহন বাসের চালকের সহকারী ছিল। লাইসেন্সবিহীন চালককে দিয়ে গাড়ি চালানোর দায়ে বাসের মালিককেও আসামি করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম দেশ রূপান্তরকে বলেন, কেউ লাইসেন্স না নিয়ে গাড়ি চালালে তার দায়ভার তাকেই নিতে হবে। রামপুরার ঘটনায় দায়ী চালকের বিরুদ্ধে ৩০৪ (খ) ধারায় মামলা করা হয়েছে। আইন অনুযায়ী সে শাস্তি পাবে।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বরাবরই বলেছি, লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালালে এবং তার গাড়ির নিচে কেউ চাপা পড়ে নিহত হলে বুঝতে হবে সে ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করতে হবে। কিন্তু এই চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ৩০৪ (খ) ধারা অনুযায়ী অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা তিন বছর। এই মামলার সঙ্গে ২৭৯ ও ৩৩৭ ধারাও যুক্ত করা হয়েছে, যেগুলোতে সাজা যথাক্রমে তিন বছর ও ছয় মাস। অন্যদিকে ৩০২ ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি তুলে দেওয়া দণ্ডনীয় অপরাধ। কোনো বাস মালিক সেটা করে থাকলে আইন অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত